দহনজ্বালা কাটিয়ে স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে, জারি চার দিনের সতর্কতা

তীব্র দাবদাহের অবসান ঘটিয়ে অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমা ঝঞ্ঝার প্রভাবে রবিবার ভোর থেকেই আরামবাগ ও ঝাড়গ্রাম-সহ বিভিন্ন প্রান্তে ঝোড়ো হাওয়ার সাথে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। ফলে গত কয়েকদিনের অসহ্য গরম থেকে মুক্তি মিলেছে এবং একধাক্কায় তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির এই ধারা আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজায় থাকতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে চার দিনের জন্য ‘হলুদ সতর্কতা’ এবং মঙ্গলবার ও বুধবার অধিক বৃষ্টির আশঙ্কায় ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।
সাধারণ মানুষ এই মনোরম আবহাওয়ায় খুশি হলেও চিন্তিত হয়ে পড়েছেন কৃষকরা। কৃষি বিশেষজ্ঞদের মতে, আসাময়ের এই বৃষ্টি এবং শিলাবৃষ্টির কারণে আম ও লিচু চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। মকুল ও কচি ফলের ওপর বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের প্রখর তেজ থেকে আপাতত স্বস্তিতে থাকবে দক্ষিণবঙ্গবাসী।