দিল্লিতে অরুণাচলের মহিলাদের চূড়ান্ত অপমান! ‘মোমো’ ও ‘যৌনকর্মী’ বলে কটূক্তি করা সেই দম্পতি গ্রেফতার

নয়াদিল্লি: দেশের রাজধানীতে ফের একবার বর্ণবিদ্বেষের কদর্য রূপ সামনে এল। মালব্য নগর এলাকায় অরুণাচল প্রদেশের তিন মহিলার সঙ্গে অভব্য আচরণ এবং অত্যন্ত আপত্তিজনক বর্ণবৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। অভিযুক্ত দম্পতির নাম হর্ষ সিং এবং রুবি জৈন। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।
ঠিক কী ঘটেছিল?
জানা গিয়েছে, অরুণাচল প্রদেশের তিন মহিলা ওই দম্পতির বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে গিয়েছিলেন। কাজ করার সময় ঘরে সামান্য ধুলো ওড়াকে কেন্দ্র করেই বিতণ্ডার সূত্রপাত। বচসা চলাকালীন হর্ষ এবং রুবি ওই মহিলাদের ‘মোমো’ বলে খ্যাপাতে শুরু করেন এবং একপর্যায়ে তাঁদের ‘যৌনকর্মী’ বলে চরম অপমান করেন। ভাইরাল ভিডিওতে রুবি জৈনকে দম্ভোক্তি করতে শোনা যায় যে, তাঁর স্বামী একজন কাস্টমস অফিসার এবং তাঁদের উচ্চপর্যায়ে রাজনৈতিক যোগাযোগ রয়েছে, তাই তাঁরা কাউকে ভয় পান না।
রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া
এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তর-পূর্ব ভারতের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও অপমানজনক বলে নিন্দা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও এই বিষয়ে কড়া অবস্থান নিয়েছেন। তিনি সাফ জানান, উত্তর-পূর্বের ভাই-বোনদের ওপর কোনো ধরনের অন্যায় সহ্য করা হবে না। সিন্ধিয়া ব্যক্তিগতভাবে দিল্লি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বর্তমানে পুলিশ অভিযুক্ত দম্পতিকে শ্রীঘরে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত চালাচ্ছে।