দিল্লিতে লরেন্স বিষ্ণোইয়ের আইনজীবীকে লক্ষ্য করে চলল গুলি, চাঞ্চল্য

মঙ্গলবার রাতে দিল্লির ইন্টার স্টেট বাস টার্মিনালের কাছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের আইনজীবীর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। এই আকস্মিক হামলায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। হামলার প্রকৃত উদ্দেশ্য ও অপরাধীদের শনাক্ত করতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
তদন্তকারীদের নজরে রয়েছে সম্প্রতি প্রকাশ্যে আসা একটি অডিও ক্লিপ, যেখানে নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ‘হ্যারি’ বলে দাবি করা এক ব্যক্তি রণবীর ও রোহিত নামে দুই ব্যক্তিকে হুমকি দিয়েছিল। ওই বার্তায় বলিউড সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষ্ণোই গ্যাংয়ের নির্দেশ অমান্য করলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেওয়া হয়। বিশেষ করে সালমান খানের ঘনিষ্ঠদের লক্ষ্য করার হুমকিও ছিল সেখানে।
এর আগে গত বছর কানাডায় কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফেতে হামলার ঘটনাতেও এই ‘হ্যারি বক্সার’-এর নাম জড়িয়েছিল। বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে ক্রমাগত বিনোদন জগতের কর্মীদের নিশানা করার এই প্রবণতা প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে। আইনজীবীর ওপর এই প্রাণঘাতী হামলা সেই ধারাবাহিক হুমকির অংশ কি না, তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।