দিল্লিতে শাহ-অজিত বৈঠক: কুড়মিদের দাবি ঘিরে পুরুলিয়ায় নয়া জোটের সমীকরণ

দিল্লিতে শাহ-অজিত বৈঠক: কুড়মিদের দাবি ঘিরে পুরুলিয়ায় নয়া জোটের সমীকরণ

পুরুলিয়ায় আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক পারদ চড়ল। সোমবার সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো এবং ছয় সদস্যের প্রতিনিধি দল। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া কুড়মি নেতা রাজেশ মাহাতো। এই হাই-প্রোফাইল বৈঠককে কেন্দ্র করে জঙ্গলমহলে বিজেপি-কুড়মি জোটের নয়া সমীকরণ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

বৈঠকে কুড়মি জনজাতিকে আদিবাসী তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা এবং সারনা ধর্মের পৃথক কোডের দাবি জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে আশ্বাস দিলেও কুড়মি নেতৃত্বের অবস্থান স্পষ্ট। অজিতপ্রসাদ মাহাতো জানিয়েছেন, শুধুমাত্র আশ্বাসে কাজ হবে না; দাবি পূরণের বিষয়ে কেন্দ্রকে নিশ্চিত পদক্ষেপ নিতে হবে। লিখিত প্রতিশ্রুতি বা কার্যকর পদক্ষেপ পেলেই আসন্ন নির্বাচনে গেরুয়া শিবিরকে সমর্থন করার ইঙ্গিত দিয়েছেন তিনি।

তবে রাজনৈতিক মহলের মতে, কারিগরি কারণে নির্বাচনের আগে এই দাবিগুলো পূরণ করা সময়সাপেক্ষ। বিশেষত, রাজ্যের জাস্টিফিকেশন রিপোর্ট না থাকায় তফশিলি ভুক্তিকরণ এখনই সম্ভব নয়। এর আগে ‘নো ভোট টু টিএমসি’ ডাক দেওয়া কুড়মি সমাজ এখন কেন্দ্রের পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, রাজেশ মাহাতোর বিজেপি যোগদানের পর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই আলোচনা জঙ্গলমহলের ভোটব্যাংকে বড়সড় রদবদলের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *