দিল্লিতে শাহ-কুড়মি বৈঠক: দাবি পূরণ হলে পুরুলিয়ায় বিজেপিকে সমর্থনের ইঙ্গিত

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জঙ্গলমহলের রাজনীতিতে নয়া সমীকরণের ইঙ্গিত মিলল। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতোর নেতৃত্বাধীন ছয় সদস্যের এক প্রতিনিধি দল দীর্ঘ বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং কুড়মি নেতা রাজেশ মাহাতো। মূলত কুড়মি জনজাতিকে আদিবাসী তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা এবং সারনা ধর্মের পৃথক কোড প্রদানের দাবি নিয়ে এই আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী দাবিদাওয়া পূরণের আশ্বাস দিলেও এখনই তা কার্যকর হওয়া নিয়ে সন্দিহান ওয়াকিবহাল মহল। কুড়মিদের আদিবাসী তালিকাভুক্ত করার বিষয়টি রাজ্য সরকারের জাস্টিফিকেশন রিপোর্টের ওপর নির্ভরশীল এবং ভাষার স্বীকৃতির বিষয়টি সংসদীয় প্রক্রিয়ার অধীন। অজিতপ্রসাদ মাহাতো সাফ জানিয়েছেন, শুধু আশ্বাসে কাজ হবে না; দাবিগুলি কার্যকরের সুনির্দিষ্ট নিশ্চয়তা পেলেই কুড়মি সমাজ নির্বাচনে বিজেপিকে সমর্থন করার কথা বিবেচনা করবে। এর আগে তিনি সরাসরি ‘নো ভোট টু টিএমসি’ ডাক দিয়েছিলেন।
কুড়মি নেতা রাজেশ মাহাতোর সম্প্রতি বিজেপিতে যোগদান এবং তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠক জঙ্গলমহলে বিশেষ করে লালমাটির রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। রাজ্য সরকারও কুড়মালি ভাষা ও সারনা ধর্ম নিয়ে কেন্দ্রের কাছে দরবার করায় লড়াই এখন ত্রিপাক্ষিক রূপ নিয়েছে। নির্বাচনের আগে কুড়মি ভোটব্যাংক কোন দিকে ঝুঁকবে, তা এখন কেন্দ্রের পদক্ষেপের ওপর নির্ভর করছে। এই বৈঠক পুরুলিয়া ও পার্শ্ববর্তী জেলাগুলোতে গেরুয়া শিবিরের রাজনৈতিক জমি শক্ত করতে পারে বলে মনে করা হচ্ছে।