দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে প্রবল বিশৃঙ্খলা, মাঝপথে গান থামালেন গায়ক

শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে জনপ্রিয় গায়ক ও র্যাপার হানি সিংয়ের কনসার্টে ব্যাপক উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতেই ভিআইপি জোনে প্রবেশ এবং বসার জায়গা নিয়ে একদল দর্শকের সঙ্গে আয়োজক সংস্থার কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে, যার ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
উত্তেজনা সরাসরি মঞ্চের কাছাকাছি পৌঁছে গেলে নিরাপত্তার খাতিরে হানি সিং সাময়িকভাবে গান থামিয়ে দেন। দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও আয়োজকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে গায়ক পুনরায় পারফরম্যান্স শুরু করেন। বিশৃঙ্খলার কারণে কিছুক্ষণ বিঘ্ন ঘটলেও শেষ পর্যন্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
বর্তমানে নিজের ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে ব্যস্ত হানি সিং দেশের বিভিন্ন শহরে কনসার্ট করছেন। দিল্লির এই অনুষ্ঠানের পর আগামী ২১ মার্চ আহমেদাবাদে তাঁর পরবর্তী শো রয়েছে। এরপর মুম্বই, পুনে, কলকাতা ও বেঙ্গালুরুসহ একাধিক শহরে গান গাওয়ার কথা রয়েছে তাঁর।