দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে দর্শকদের হাতাহাতি, ভাইরাল

জনপ্রিয় র্যাপার ইয়ো ইয়ো হানি সিংয়ের ‘মাই চ্যাপ্টার—ইন্ডিয়া ট্যুর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিপত্তি ঘটল। দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল। অনুষ্ঠান চলাকালীন দর্শকাসনের একটি অংশে হঠাৎই দর্শকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত সহিংস রূপ নেয়। ঘটনার ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।
মঞ্চে যখন ‘দেসি কালাকার’ ও ‘ব্লু আইস’-এর মতো সুপারহিট গান চলছিল, তখন দর্শকদের একাংশ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পারফরম্যান্সে ব্যস্ত থাকায় হানি সিং তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পারেননি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তাকর্মী ও দিল্লি পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর ফলে বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং কিছুক্ষণ পর পরিবেশ স্বাভাবিক হয়।
দিল্লির এই শো দিয়েই শুরু হওয়া এই ট্যুরটি আহমেদাবাদ, মুম্বাই, পুনেসহ দেশের বিভিন্ন শহরে চলবে এবং ১৬ মে বেঙ্গালুরুতে শেষ হবে। আগামী ৯ মে কলকাতায় হানি সিংয়ের পারফরম্যান্সের কথা রয়েছে। অনভিপ্রেত এই ঘটনা সত্ত্বেও গায়কের আসন্ন কনসার্টগুলো নিয়ে ভক্তদের মধ্যে প্রবল উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।