‘দিল্লির রিমোটের জবাব দিন ইভিএম-এ’, তারাপীঠের জনসভা থেকে হুঙ্কার অভিষেকের

‘দিল্লির রিমোটের জবাব দিন ইভিএম-এ’, তারাপীঠের জনসভা থেকে হুঙ্কার অভিষেকের

বীরভূমের হাসন ও তারাপীঠের জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, কেন্দ্র সরকার রিমোট টিপে সাধারণ মানুষের টাকা ও উন্নয়ন স্তব্ধ করেছে। মোদী সরকার মানুষকে বারংবার লাইনে দাঁড় করিয়ে কষ্ট দিয়েছে দাবি করে তিনি ভোটারদের ইভিএম-এর বোতাম টিপে এর যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানান।

অভিষেক বলেন, মানুষের খাদ্যাভ্যাস নিয়ে বিজেপি রাজনীতি করছে এবং মাছ-মাংসের দোকান বন্ধ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তিনি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, গত পাঁচ বছরে বীরভূমের উন্নয়নে কেন্দ্র কী করেছে তার শ্বেতপত্র প্রকাশ করা হোক। কেন্দ্রীয় বঞ্চনার বিপরীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার-সহ নানা সামাজিক প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

স্থানীয় প্রার্থী কাজল শেখের হয়ে প্রচার করতে গিয়ে অভিষেক বীরভূমের সার্বিক উন্নয়নের ধারা বজায় রাখার আর্জি জানান। নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দাম এবং রান্নার গ্যাসের সংকট নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তোলেন তিনি। সবশেষে তিনি দাবি করেন, মোদী সরকার নয়, বরং মানুষের রায়ই শেষ কথা বলবে এবং বাংলার মানুষ কোনোভাবেই দিল্লির বশ্যতা স্বীকার করবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *