দিল্লি সফরে বাংলাদেশের বিদেশমন্ত্রী ভারত-বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করার নয়া উদ্যোগ

দিল্লি সফরে বাংলাদেশের বিদেশমন্ত্রী ভারত-বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করার নয়া উদ্যোগ

ভারতের সঙ্গে ২০২৪ সালের জুলাই পূর্ববর্তী ঘনিষ্ঠ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে ফিরতে মরিয়া বাংলাদেশের নতুন সরকার। ক্ষমতায় আসার মাত্র দুই মাসের মাথায় দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্য নিয়ে আজ মঙ্গলবার দিল্লি সফরে আসছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। এই সফরের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার প্রমাণ করতে চায় যে, ভারতের সঙ্গে তাদের সম্পর্কের রসায়ন অত্যন্ত ইতিবাচক এবং তারা প্রতিবেশী দেশের সঙ্গে সবরকম সহযোগিতা বজায় রাখতে বদ্ধপরিকর।

সফরের শুরুতেই বিদেশমন্ত্রী ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকে বসবেন। আলোচনায় সীমান্ত নিরাপত্তা, জঙ্গিবাদ দমন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যুগুলো প্রাধান্য পাবে। বিশেষ করে জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতির ওপর ভারত নজর রাখছে। এছাড়া খলিলুর রহমান ভারতের শিল্প, বাণিজ্য ও পেট্রোলিয়াম মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন, যেখানে দুই দেশের বাণিজ্যিক স্বার্থ এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বৈঠকটি হবে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। সেখানে গঙ্গার জলবণ্টন চুক্তির পুনর্নবীকরণসহ একাধিক বকেয়া চুক্তি নিয়ে আলোচনা হবে। তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের দাবি থাকলেও দিল্লি এই মুহূর্তে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে চাইছে। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভারত-বিরোধী মনোভাব প্রশমিত করার ওপর ভিত্তি করেই ভারত ধাপে ধাপে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *