দীর্ঘ পোস্ট পড়ার দিন শেষ: কৃত্রিম মেধার নতুন চমক আনল ‘এক্স’

বর্তমানে দীর্ঘ লেখা পড়ার প্রতি অনীহা বাড়ছে নেটিজেনদের। ব্যবহারকারীদের এই সমস্যার সমাধানে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ নিয়ে এল উন্নত এআই ফিচার। ‘এআই পাওয়ার্ড আর্টিকেল সামারাইজ’ নামের এই সুবিধার মাধ্যমে এখন যেকোনো বড় পোস্ট বা আর্টিকেলের মূল অংশ এক নিমেষেই পড়ে নেওয়া সম্ভব হবে।
এই ফিচারটি ব্যবহারের প্রক্রিয়া অত্যন্ত সহজ। পছন্দের আর্টিকেলটি খুলে ‘সামারাইজ’ অপশনে ক্লিক করলেই সম্পূর্ণ বিষয়বস্তু ‘বুলেট পয়েন্ট’ আকারে স্ক্রিনে ভেসে উঠবে। এর ফলে ব্যবহারকারীরা সময় সাশ্রয় করে গুরুত্বপূর্ণ তথ্যের সারসংক্ষেপ দ্রুত জেনে নিতে পারবেন।
পাশাপাশি, এক্সে যুক্ত হয়েছে ‘লিসেন’ নামক আরও একটি আকর্ষণীয় ফিচার। ‘গ্রক’ এআই-এর ভয়েজ প্রযুক্তি ব্যবহার করে এখন যেকোনো পোস্ট শোনার সুযোগ মিলবে। এই অডিও মোড চালু রেখে ব্যবহারকারীরা অনায়াসেই অন্যান্য কাজ চালিয়ে যেতে পারবেন, যা বর্তমান ব্যস্ত সময়ে অত্যন্ত কার্যকর প্রমাণিত হবে।