দুধ-কলা দিয়ে জঙ্গি পুষছে পাকিস্তান! মার্কিন রিপোর্টে ফাঁস হলো ভারতবিরোধী ভয়ঙ্কর ষড়যন্ত্রের নীল নকশা

পড়শি দেশে বহাল তবিয়তে ঘুরছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীরা। ভারতের জম্মু-কাশ্মীরকে নিশানা করতে লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মহম্মদের মতো একাধিক নিষিদ্ধ সংগঠনকে মদত দিচ্ছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। সম্প্রতি মার্কিন সংস্থা ‘কংগ্রেস রিসার্চ সার্ভিস’ (CRS)-এর পেশ করা ‘ইন ফোকাস’ রিপোর্টে পাকিস্তানের এই কুকীর্তি নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এসেছে।
রিপোর্টে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও পাকিস্তান তাদের মাটিতে সক্রিয় ১৫টি জঙ্গি সংগঠনকে নির্মূল করতে চরম ব্যর্থ হয়েছে। লস্কর, জইশ, হিজবুল মুজাহিদিনের মতো সংগঠনগুলি আল-কায়দার সঙ্গে হাত মিলিয়ে ভারতের ওপর হামলার নতুন ছক কষছে। ২০১৪ সালে জঙ্গি দমনের জাতীয় পরিকল্পনা নিলেও আদতে পাকিস্তান সরকার এবং আইএসআই-এর ছত্রছায়ায় ফুলেফেঁপে উঠছে এই সন্ত্রাসীরা। এমনকি সেখানকার মাদ্রাসাগুলিতে রীতিমতো চরমপন্থার পাঠ দেওয়া হচ্ছে বলেও মার্কিন রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
বিগত বছরে ভারত ‘অপারেশন সিঁদুরে’র মাধ্যমে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিলেও, বর্তমানে তারা ফের সক্রিয় হয়ে উঠছে। লোক দেখানো কিছু পদক্ষেপ নিলেও পাকিস্তান যে আদতে সন্ত্রাসের আঁতুড়ঘর হিসেবেই রয়ে গিয়েছে, মার্কিন এই রিপোর্ট যেন তারই চূড়ান্ত সিলমোহর দিল।