দুবরাজপুরে ভিন্ন মেজাজে বিজেপি প্রার্থী, প্রচারে নেমে চাষিদের সঙ্গে মেলালেন হাত

নির্বাচনী প্রচারে বেরিয়ে ফের শিরোনামে এলেন দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপকুমার সাহা। বুধবার দুবরাজপুর ব্লকের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামে প্রচারে গিয়ে তিনি সরাসরি একটি আখ শালে ঢুকে পড়েন। এর আগে প্রচারে এক ব্যক্তির দাড়ি কামিয়ে দিয়ে নেটদুনিয়ায় শোরগোল ফেলেছিলেন বিদায়ী এই বিধায়ক। এদিন তাকে একেবারেই সাধারণ পোশাকে ধুলোবালি মেখে আখের রস বের করার কাজে চাষিদের হাত বাড়াতে দেখা যায়।
কেবল ভোট চাওয়া নয়, বরং সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে মাটিতে বসে পড়েন অনুপবাবু। মেশিনে আখ ভরা থেকে শুরু করে কড়াইয়ে ফুটন্ত রস নাড়া— সব কাজেই সাবলীলভাবে অংশ নেন তিনি। শৈশবের স্মৃতিচারণ করে প্রার্থী জানান, সাধারণ মানুষের এই কঠোর পরিশ্রমের সঙ্গী হতেই তিনি সরাসরি কাজে যোগ দিয়েছেন। প্রার্থীর এমন সক্রিয় ভূমিকা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি করেছে।
এই জনসংযোগের মাঝেই আখচাষিদের সমস্যার কথা শোনেন বিজেপি প্রার্থী। আহমেদপুরের চিনি কল বন্ধ হয়ে যাওয়া এবং চাষিদের সরকারি সহায়তার অভাব নিয়ে সরব হন তিনি। অনুপকুমার সাহার দাবি, বর্তমান সরকারি ব্যবস্থায় চাষিরা ধুঁকছেন এবং এই অচলাবস্থা দূর করতে রাজনৈতিক পরিবর্তন অনিবার্য। তৃণমূল স্তরে মানুষের সুবিধা-অসুবিধা বুঝে নির্বাচনী লড়াইয়ে জয়ের ব্যাপারে আশাপ্রকাশ করেন তিনি।