দুবাই মেরিনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালো মেঘ

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাই মেরিনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে ইরান। শনিবার সকালে পরিচালিত এই হামলা আমিরাতের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত প্রতিহত করতে সক্ষম হয়। তবে ধ্বংস হওয়া ড্রোনের ধ্বংসাবশেষ একটি বহুতল ভবনে আঘাত হানলে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এই ঘটনায় কোনো প্রাণহানি বা বড় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়নি।
এর আগে আবুধাবির হাবসান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ইরানের পৃথক এক হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে। ওই হামলায় একজন মিশরীয় নাগরিক নিহত হন এবং পাকিস্তান ও মিশরের বেশ কয়েকজন আহত হন। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষায় নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিশ্লেষকদের মতে, আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের জেরে এখন উপসাগরীয় অঞ্চলের বাণিজ্যিক অবকাঠামো লক্ষ্যবস্তু হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন এনেছে বলে ধারণা করা হচ্ছে। দুবাই মেরিনার মতো জনবহুল ও অভিজাত এলাকায় এই হামলার চেষ্টা পুরো অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে নতুন করে হুমকির মুখে ফেলেছে।