দুর্গাপুরে ভোটের মুখে পাট্টার প্রতিশ্রুতি বিজেপির, পালটা তোপ তৃণমূলের

দুর্গাপুরে ভোটের মুখে পাট্টার প্রতিশ্রুতি বিজেপির, পালটা তোপ তৃণমূলের

দুর্গাপুরের ২১ নম্বর ওয়ার্ডের রাচি কলোনি এলাকায় রবিবার সকালে নিবিড় জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই। এনআইটি ও বহুতল সংলগ্ন এই বস্তি এলাকায় স্থানীয়দের অভাব-অভিযোগ শোনেন বিদায়ী বিধায়ক। বিশেষ করে জমি জট এবং কাঁচা বাড়ির সমস্যা নিয়ে সরব হন বাসিন্দারা। লক্ষ্মণবাবু প্রতিশ্রুতি দেন যে, বিজেপি জিতলে কেন্দ্রীয় সরকারের জমিতে বসবাসকারীদের পাট্টা ও পাকাবাড়ি করে দেওয়া হবে। এমনকি তৃণমূল জিতলে উচ্ছেদের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

বিজেপি প্রার্থীর এই অবস্থানে রাজনৈতিক মহলে বিস্ময় তৈরি হয়েছে। কারণ সাম্প্রতিককালে দুর্গাপুরে রেল, সেল বা ডিভিসির মতো কেন্দ্রীয় সংস্থাগুলি একাধিকবার উচ্ছেদ অভিযান চালিয়েছে এবং তৃণমূল সেই উচ্ছেদের বিরোধিতা করে আন্দোলনে নেমেছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় সরকারি জমি থেকে উচ্ছেদে বুলডোজার নীতিতে বিশ্বাসী দলের প্রার্থীর মুখে জমি দখলের সমর্থনে পাট্টার প্রতিশ্রুতি কার্যত এক প্রকার ‘ভোলবদল’। ড্রেন ও পথবাতির সমস্যার সুযোগ নিয়ে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ কাজে লাগাতে মরিয়া গেরুয়া শিবির।

তৃণমূল কংগ্রেস অবশ্য বিজেপির এই আশ্বাসকে নির্বাচনী ‘ভাঁওতা’ বলে কটাক্ষ করেছে। বিদায়ী মন্ত্রী প্রদীপ মজুমদার ও তৃণমূল প্রার্থী কবি দত্ত জানান, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সংস্থাগুলি বারবার পুনর্বাসন ছাড়াই গরিব মানুষকে উচ্ছেদের চেষ্টা করেছে, যা রাজ্য সরকার আটকেছে। এলাকার উন্নয়ন ও সুইমিং পুল নির্মাণ প্রসঙ্গে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে কবি দত্ত দাবি করেন, তিনি সকলের জন্যই কাজ করেছেন। ভোটের মুখে রাচি কলোনির প্রায় দশ হাজার মানুষের সমর্থন টানতে এখন যুযুধান দুই পক্ষই তৎপর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *