দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সমবায়ে কেরোসিন দুর্নীতি, গায়েব ১৬ হাজার লিটার তেল

দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এমপ্লয়িস কনজিউমার্স কো-অপারেটিভে ১৬ হাজার লিটার কেরোসিন গায়েব হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্টিল টাউনশিপের ১০টি ডিপোর জন্য বরাদ্দ এই বিপুল পরিমাণ তেল খনি অঞ্চলের এক ডিলার থেকে তোলা হলেও তা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়নি। বাজারমূল্য অনুযায়ী প্রায় ১৩ লক্ষ ৬০ হাজার টাকার এই কেরোসিন খোলা বাজারে বা মাছের ভেড়িতে চড়া দামে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।
এই দুর্নীতির কেন্দ্রে রয়েছেন কো-অপারেটিভের কেরোসিন বিভাগের ডিরেক্টর শংকর সরকার। অভিযোগ অনুযায়ী, নিয়মবহির্ভূতভাবে তিনি ও এক সদস্য মিলে দুই দফায় এই তেল তুলেছিলেন। সমবায়ের সেক্রেটারি নন্দ দুলাল বৈরাগ্য ইতিমধ্যেই শংকর সরকারকে শোকজ নোটিশ পাঠিয়ে সাত দিনের মধ্যে জবাব তলব করেছেন। ঘটনার সঙ্গে স্থানীয় এক শ্রমিক নেতার যোগসূত্র থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না ওয়াকিবহাল মহল।
অভিযুক্ত ডিরেক্টর শংকর সরকার অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তেল ধাপে ধাপে বিতরণ করা হচ্ছে এবং এটি তাঁর বিরুদ্ধে চক্রান্ত। তবে বিধানসভা নির্বাচনের মুখে গরিব মানুষের জন্য বরাদ্দ জ্বালানি নিয়ে এই কালোবাজারির ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। প্রশাসন ও সমবায় কর্তৃপক্ষ এই বিশাল অঙ্কের আর্থিক তছরুপের কিনারা করতে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে।