দুর্যোগে ব্যাহত আকাশপথ, বড়ঞা থেকে সড়কপথেই নবগ্রামের জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দুর্যোগে ব্যাহত আকাশপথ, বড়ঞা থেকে সড়কপথেই নবগ্রামের জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। বুধবার মুর্শিদাবাদের বড়ঞা থেকে দলীয় প্রার্থীর সমর্থনে নবগ্রামের জনসভায় যাওয়ার কথা ছিল তৃণমূল সুপ্রিমোর। কিন্তু মাঝ আকাশে আচমকা প্রবল ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় প্রতিকূল আবহাওয়ার কারণে গন্তব্যে নামতে পারেনি তাঁর চপারটি। বড়ঞায় সভা সেরে দুপুর ২টো ১০ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী নবগ্রামের উদ্দেশে রওনা দিয়েছিলেন। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার দ্রুত অবনতি ঘটলে নিরাপত্তার খাতিরে পাইলট কপ্টারটি ঘুরিয়ে ফের বড়ঞাতেই ফিরিয়ে নিয়ে যান।

আবহাওয়া খারাপ থাকায় প্রাথমিকভাবে নবগ্রামের জনসভা বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত জনসভা বাতিল না করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। বড়ঞা থেকেই সড়কপথে তিনি নবগ্রামের উদ্দেশে রওনা দেন। মাঝ আকাশে দুর্যোগের মুখে পড়লেও নির্ধারিত কর্মসূচি পালন করতেই তিনি এই বিকল্প পথ বেছে নেন। এই ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে বড়ঞার আবহাওয়া শুরুতে ভালো থাকলেও মাঝপথে এই আকস্মিক দুর্যোগ বিপত্তি তৈরি করে।

উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও মুখ্যমন্ত্রী আকাশপথে দুর্যোগের সম্মুখীন হয়েছেন। গত বৃহস্পতিবার বীরভূমের দুবরাজপুরে সভা সেরে ফেরার সময় অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতা আসার পথে তাঁর বিমানটি খারাপ আবহাওয়ার কবলে পড়েছিল। সেবার কলকাতা ও বেহালার আকাশে দীর্ঘক্ষণ চক্কর কাটার পর প্রায় দেড় ঘণ্টা বাদে বিমানটি নিরাপদভাবে অবতরণ করতে সক্ষম হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার ফের মুর্শিদাবাদে একই ধরনের পরিস্থিতির মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রতিকূলতা উপেক্ষা করেই সড়কপথে দলীয় প্রচার এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *