দেগঙ্গার স্কুলে মিড-ডে মিল নিয়ে তুলকালাম প্রধান শিক্ষকের বিরুদ্ধে পড়ুয়াকে মারধরের অভিযোগ

দেগঙ্গার স্কুলে মিড-ডে মিল নিয়ে তুলকালাম প্রধান শিক্ষকের বিরুদ্ধে পড়ুয়াকে মারধরের অভিযোগ

উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চৌরাশি হাইস্কুলে মিড-ডে মিল বন্ধ থাকা নিয়ে বুধবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে মিড-ডে মিল পরিষেবা বন্ধ থাকার কারণ জানতে চাওয়ায় এক ছাত্রীকে কাঠের স্কেল দিয়ে মারধর করেন প্রধান শিক্ষক শাহরিয়ার ইসলাম। এই ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের ক্ষুব্ধ পড়ুয়ারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করে। আক্রান্ত ছাত্রীর পরিবারের দাবি, প্রধান শিক্ষকের মারে ওই পড়ুয়া জখম হয়েছে।

দীর্ঘদিন ধরে স্কুলে মিড-ডে মিল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয়রা। জানা গিয়েছে, গত দু’মাস শারীরিক অসুস্থতার কারণে প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় পরিষেবা পুরোপুরি বন্ধ ছিল। বুধবার তিনি স্কুলে ফিরলে পড়ুয়ারা বিক্ষোভ শুরু করে। শিক্ষার্থীদের অভিযোগ, কেন তারা প্রাপ্য খাবার পাচ্ছে না, তা জিজ্ঞাসা করতেই প্রধান শিক্ষক চড়াও হন। অন্যদিকে, ব্লক প্রশাসন ও পঞ্চায়েত স্তরেও এই অনিয়ম নিয়ে তদন্ত চলছে।

প্রধান শিক্ষক শাহরিয়ার ইসলাম মারধরের অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, দুর্নীতির দাবি ভিত্তিহীন এবং ছাত্রদের কেউ উস্কানি দিয়ে পাঠিয়েছে। তাঁর দাবি, বিশৃঙ্খলা করায় বকাবকি করার সময় পড়ে গিয়ে ওই ছাত্রী চোট পেয়েছে। তবে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুলে মিড-ডে মিল সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বজায় রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *