দেশের আকাশে ডানা মেলবে সাধারণ মানুষ, ১০০ নতুন বিমানবন্দরের মেগা প্ল্যানে ক্যাবিনেটের সিলমোহর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠকে বুধবার একাধিক বড় ঘোষণা করা হয়েছে। ‘উড়ান ২.০’ প্রকল্পের আওতায় দেশের ছোট শহরগুলোকে আকাশপথে যুক্ত করতে এই বিশাল কর্মযজ্ঞ শুরু হচ্ছে। সরকারের লক্ষ্য হলো, সাধারণ মানুষের জন্য বিমানযাত্রা জলভাতের মতো সহজ করে তোলা। এই ১০০টি বিমানবন্দর তৈরির জন্য ১২,১৫৯ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। তবে এই বিমানবন্দরগুলো তৈরি হবে ‘চ্যালেঞ্জ মোড’-এ। অর্থাৎ যে রাজ্য বা শহর জমি ও নিরাপত্তা সংক্রান্ত সুবিধা দ্রুত নিশ্চিত করতে পারবে, সেখানেই অগ্রাধিকার ভিত্তিতে গড়ে উঠবে এয়ারপোর্ট।
পাহাড় থেকে দ্বীপ সর্বত্র পৌঁছাবে হেলিকপ্টার তৈরি হচ্ছে ২০০টি আধুনিক হেলিপ্যাড
দেশের দুর্গম এলাকাগুলোতে যাতায়াত ব্যবস্থা আরও উন্নত করতে ২০০টি নতুন হেলিপ্যাড তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষ করে উত্তর-পূর্ব ভারত, পাহাড়ি অঞ্চল এবং দ্বীপপুঞ্জগুলোতে যেখানে রাস্তা তৈরি করা কঠিন, সেখানে হেলিকপ্টারকেই যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে গড়ে তোলা হবে। এই প্রকল্পের জন্য ৩,৬৬১ কোটি টাকা খরচ করবে কেন্দ্র। এর পাশাপাশি ভারতে তৈরি বিমান বা মেড-ইন-ইন্ডিয়া এয়ারক্রাফট ব্যবহারের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
ভিসা এবং পরিবেশ রক্ষায় বড় পদক্ষেপ সরকারের
বিমানবন্দর ছাড়াও আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট। ভারতের ইমিগ্রেশন ও ভিসা ব্যবস্থাকে ডিজিটাল ও আধুনিক করতে ‘IVFRT’ স্কিমের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে বিদেশি পর্যটকদের রেজিস্ট্রেশন ও ট্র্যাকিং আরও সুরক্ষিত হবে। অন্যদিকে, ২০৩৫ সাল পর্যন্ত পরিবেশ রক্ষার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দূষণমুক্ত ভারত গড়ার অঙ্গীকার করেছে কেন্দ্রীয় সরকার। সব মিলিয়ে পরিকাঠামো ও উন্নয়নের এক নতুন দিশা দেখাল আজকের ক্যাবিনেট বৈঠক।