দেশের গোপন তথ্য পাচারের পর্দাফাঁস

দেশের গোপন তথ্য পাচারের পর্দাফাঁস

নিউজ ডেস্ক — ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় বড়সড় থাবা বসাল পাকিস্তানের গুপ্তচর সংস্থা। বায়ুসেনা ঘাঁটি থেকে অত্যন্ত সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হল সুমিত কুমার নামে এক কর্মীকে। আসামের ডিব্রুগড় জেলার চাবুয়া এয়ার ফোর্স স্টেশনে মাল্টি-টাস্কিং স্টাফ হিসেবে কর্মরত ছিলেন ৩৬ বছর বয়সি এই ব্যক্তি। রাজস্থান ও বায়ুসেনা গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে ধরা পড়েন তিনি।

তদন্তে জানা গেছে, ২০২৩ সাল থেকে পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা সুমিত। অর্থের বিনিময়ে তিনি চাবুয়া ও বিকানেরের এয়ার ফোর্স স্টেশনের যুদ্ধবিমানের অবস্থান, মিসাইল সিস্টেম এবং আধিকারিকদের গোপন তথ্য পাচার করতেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে চলত এই তথ্য আদানপ্রদান। এমনকি নিজের নামে সিম কার্ড তুলে পাকিস্তানি চরদের অ্যাকাউন্ট খুলতেও সাহায্য করেছিলেন তিনি।

চলতি বছরের শুরুতে জয়সলমের থেকে ঝাবারা রাম নামে এক সন্দেহভাজনকে আটকের পরই সুমিতের নাম সামনে আসে। ধৃতের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। গোয়েন্দাদের দাবি, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় বরং দেশজুড়ে ছড়িয়ে থাকা এক বিশাল গুপ্তচরচক্রের অংশ। এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *