দেশে কি ফের লকডাউন? হোয়াটসঅ্যাপের ভাইরাল নোটিসের আসল সত্য জানুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে দেশে তীব্র জ্বালানি সংকটের জেরে আবারও লকডাউন জারি হতে পারে—এমনই এক ভুয়ো খবরে চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। হোয়াটসঅ্যাপে ভারত সরকারের সিলমোহর দেওয়া একটি ‘ওয়ার লকডাউন নোটিস’ ভাইরাল হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়। অনেকেই মনে করেছিলেন, কোভিডকালের মতো আবারও থমকে যেতে পারে স্বাভাবিক জীবনযাত্রা ও রুটিরুজি।
জ্বালানি সংকটের এই আশঙ্কাকে সরাসরি উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন যে, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। বর্তমানে অন্তত ৬০ দিনের প্রয়োজনীয় তেলের জোগান নিশ্চিত করা হয়েছে এবং পেট্রল পাম্পগুলোতেও স্বাভাবিক পরিষেবা বজায় রয়েছে। সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, লকডাউন সংক্রান্ত সমস্ত খবর ভিত্তিহীন এবং জনগণকে এই ধরণের গুজবে কান না দেওয়ার অনুরোধ করা হয়েছে।
বুধবার দেশবাসীর রক্তচাপ বাড়িয়ে দেওয়া সেই ভাইরাল পিডিএফ ফাইলটির আসল রহস্য শেষমেশ উন্মোচিত হয়েছে। আতঙ্কিত হয়ে ফাইলটি খোলার পর দেখা যায়, ভেতরে বড় অক্ষরে লেখা রয়েছে ‘এপ্রিল ফুল’। অর্থাৎ এটি ছিল একটি নিছক রসিকতা। বিশ্বজুড়ে অস্থিরতা থাকলেও ভারত সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম এবং এই মুহূর্তে দেশে কোনও ধরণের লকডাউন জারি করার পরিকল্পনা নেই বলে প্রশাসন নিশ্চিত করেছে।