দেশে জ্বালানি সংকটের আশঙ্কা নেই, পেট্রোলিয়াম মন্ত্রকের অভয়বার্তা

দেশে জ্বালানি সংকটের আশঙ্কা নেই, পেট্রোলিয়াম মন্ত্রকের অভয়বার্তা

পশ্চিম এশিয়ার অস্থিরতা ও বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতির মধ্যেই ভারতে জ্বালানি সংকট নিয়ে চলা সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। শনিবার এক বিবৃতিতে মন্ত্রক স্পষ্ট জানিয়েছে যে, দেশে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং টাকার মূল্যের পতন সত্ত্বেও ভারতের জ্বালানি সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্থিতিশীল।

ইরানসহ বিশ্বের প্রায় ৪০টি দেশ থেকে তেল আমদানি প্রক্রিয়া স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। সম্প্রতি রটে যাওয়া ‘পেমেন্ট জটিলতায় জ্বালানি জাহাজ অন্য দেশে চলে যাওয়ার’ খবরটিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে মন্ত্রক। সরকার আশ্বস্ত করেছে যে, আগামী কয়েক মাসের জন্য প্রয়োজনীয় পরিমাণের চেয়েও বেশি জ্বালানি বর্তমানে দেশে মজুত রয়েছে।

রান্নার গ্যাসের ক্ষেত্রে সাধারণ মানুষের ‘প্যানিক বুকিং’ বা আতঙ্কে আগাম বুকিং করার প্রবণতা অনেকটাই কমেছে। সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন থাকায় গ্রাহকরা যথাসময়ে এলপিজি সিলিন্ডার হাতে পাচ্ছেন। শিল্পমহলকে ইতিবাচক বার্তা দিতে মন্ত্রক জানিয়েছে, অন্যান্য দেশের তুলনায় ভারতের জ্বালানি নীতি অনেক বেশি সুসংহত এবং বর্তমান সংকটময় পরিস্থিতিতেও সাধারণের উদ্বেগের কোনো কারণ নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *