দৈনিক অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ নির্বাচন কমিশন

রাজ্যে ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি কাটাতে এবার প্রতি শুক্রবারের বদলে প্রতিদিন অতিরিক্ত তালিকা প্রকাশের উদ্যোগ নিল নির্বাচন কমিশন। এই মর্মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অনুমতি চেয়ে আবেদন জানিয়েছে কমিশন। সম্প্রতি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর সোমবার মধ্যরাতে প্রথম সম্পূরক তালিকা প্রকাশিত হলেও বাদ পড়া ভোটারদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এরই মধ্যে মঙ্গলবার রাতে কমিশনের ওয়েবসাইটে বড়সড় যান্ত্রিক বিভ্রাট দেখা দেয়। বৈধ এপিক নম্বর দিয়ে সার্চ করলে ভোটারদের তথ্যের বদলে ‘বিচারাধীন’ বা ‘Under Adjudication’ লেখা ফুটে ওঠে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গের সভা থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ইস্যুতে নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেছেন।
ওয়েবসাইটের ত্রুটি এবং তথ্য ডাউনলোডে সমস্যার জেরে ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় এবং স্বচ্ছতা বজায় রাখতে কমিশন এখন প্রতিদিন আপডেট দেওয়ার অনুমতি চাইছে। যদিও হাইকোর্টের পক্ষ থেকে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। আগামী শুক্রবার পরবর্তী তালিকা প্রকাশের কথা থাকলেও কমিশনের নজর এখন আদালতের গ্রিন সিগন্যালের দিকে।