ধর্ম বদলালেই কি মুছে যাবে দলিত পরিচয়? বড়সড় রায় দিল সুপ্রিম কোর্ট

হিন্দু, শিখ এবং বৌদ্ধ ধর্ম ছাড়া অন্য কোনও ধর্মের মানুষ এখন থেকে আর তপশিলি জাতির (SC) মর্যাদা দাবি করতে পারবেন না। মঙ্গলবার এক যুগান্তকারী রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, কোনও ব্যক্তি যদি এই নির্দিষ্ট তিনটি ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেন, তবে তিনি আর তপশিলি জাতির সদস্য হিসেবে গণ্য হবেন না। এর ফলে তিনি তফশিলি জাতি ও উপজাতি নির্যাতন বিরোধী আইনের সুবিধাও পাবেন না।
অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের একটি পুরনো রায়কে বহাল রেখে বিচারপতি পি কে মিশ্র এবং বিচারপতি এন ভি অঞ্জনিয়ার বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে হাইকোর্ট জানিয়েছিল, কেউ যদি সক্রিয়ভাবে খ্রিস্ট ধর্ম পালন করেন, তবে তিনি নিজের তপশিলি পরিচয় ধরে রাখতে পারেন না। চিন্তাদা আনন্দ নামে এক ব্যক্তির করা বিশেষ আবেদন খারিজ করে দিয়ে শীর্ষ আদালত এই কড়া অবস্থান নিল। এই রায়ের ফলে সারা দেশে যারা ধর্মান্তরিত হওয়ার পরেও তপশিলি শংসাপত্র ব্যবহার করছেন, তারা বড়সড় আইনি জটিলতায় পড়তে চলেছেন বলে মনে করা হচ্ছে।