‘ধুরন্ধর ২’-এর সমালোচকদের কড়া জবাব অনুপম খেরের

‘ধুরন্ধর ২’-এর সমালোচকদের কড়া জবাব অনুপম খেরের

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’ মাত্র দুই দিনে বিশ্বজুড়ে ৩৩৩ কোটি টাকার ব্যবসা করে বক্স অফিসে নতুন মাইলফলক তৈরি করেছে। বিপুল এই সাফল্যের মাঝেও রণবীর সিং অভিনীত এই ছবিটিকে ঘিরে ‘প্রোপাগান্ডা’র অভিযোগ তুলেছেন একদল সমালোচক। নিন্দুকদের এমন নেতিবাচক মন্তব্য ও সমালোচনার বিরুদ্ধে এবার কড়া ভাষায় সরব হলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।

একটি ভিডিও বার্তায় অনুপম খের সমালোচকদের উদ্দেশ্যে বলেন, যাদের এই ছবি সহ্য হচ্ছে না, তারা যেন নিজেরাই এমন সিনেমা বানিয়ে দেখান। আধুনিক ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর দক্ষতা এবং দেশপ্রেমের আবহে তৈরি এই ছবি নিয়ে তিনি গর্ব প্রকাশ করেন। সমালোচকদের বিঁধে তিনি আরও বলেন যে, যারা এই কাজকে খাটো করছেন, তাদের জন্য তিনি কেবল করুণাই বোধ করেন।

পরিচালক আদিত্য ধর ও অভিনেতা রণবীর সিংয়ের ভূয়সী প্রশংসা করে অনুপম খের জানান, কাশ্মীরি পণ্ডিতদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আদিত্য তাঁর সৃজনশীল কাজের মাধ্যমেই ফুটিয়ে তুলেছেন। অস্ত্র হাতে না তুলে কাজের মাধ্যমেই উপযুক্ত জবাব দেওয়া সম্ভব বলে তিনি মনে করেন। দেশাত্মবোধে উদ্বুদ্ধ এই সিনেমাটি প্রতিটি ভারতীয়র গর্ব হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *