‘ধুরন্ধর ২’ নিয়ে বিস্ফোরক মন্তব্য: পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে বিশালের ভিডিও ঘিরে বিতর্ক

বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক বিশাল দদলানি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধুরন্ধর ২’-এর কড়া সমালোচনা করে বিপাকে পড়েছেন। আদিত্য ধর পরিচালিত এই ছবির নোটবন্দি সংক্রান্ত বিষয়বস্তুকে ‘কাল্পনিক’ ও ‘হাস্যকর’ বলে কটাক্ষ করেন তিনি। দর্শকদের তথ্যের জন্য নির্ভরযোগ্য উৎসের ওপর ভরসা রাখার পরামর্শ দিয়ে তিনি জানান, সিনেমা কেবল বিনোদনের মাধ্যম, সত্য নয়।
বিশালের এই মন্তব্যের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে তাকে পাকিস্তানি সাংবাদিক ও আইএসআই ঘনিষ্ঠ বলে পরিচিত সাফিনা খানের সঙ্গে আলাপচারিতা করতে দেখা যায়। ভিডিওতে সাফিনা বিশালকে বলিউডের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে পরিচয় করিয়ে দেন। এই ভিডিওর সত্যতা বা সময়কাল যাচাই করা না গেলেও নেটিজেনদের একাংশ বিশালের কড়া সমালোচনা শুরু করেছেন।
দক্ষিণপন্থী রাজনীতির সমালোচক হিসেবে পরিচিত বিশাল দদলানি অবশ্য এই ভাইরাল ভিডিও বা তাকে নিয়ে শুরু হওয়া বিতর্ক প্রসঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। একদিকে ‘ধুরন্ধর ২’-এর বিপুল সাফল্য, অন্যদিকে বিশালের তথাকথিত ‘পাকিস্তান-যোগ’ প্রমাণ করার চেষ্টা— সব মিলিয়ে বর্তমানে উত্তাল বিনোদন জগৎ। ঘটনার গুরুত্ব বুঝে অনেকেই বিশালের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।