ধুরন্ধর ২: বক্স অফিসে ঝড়ের মাঝেই এডিটিং ভুল নিয়ে উত্তাল নেটপাড়া

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’ গত ১৯ মার্চ মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। রণবীর সিং অভিনীত এই ছবিটি ভারতে ইতিমধ্য়েই ৪১৮ কোটি টাকার বেশি ব্যবসা করেছে এবং বিশ্বজুড়ে আয়ের অঙ্ক ৫৫০ কোটি ছাড়িয়েছে। তবে আকাশচুম্বী সাফল্যের মাঝেই একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে সমাজমাধ্যমে।
ভাইরাল হওয়া ওই ক্লিপে বাথরুমের একটি মারপিটের দৃশ্যে ক্যামেরাম্যানকে এক ঝলক দেখা গিয়েছে বলে দাবি করছেন নেটিজেনরা। নিখুঁত ডিটেলিংয়ের জন্য পরিচিত আদিত্য ধরের ছবিতে এমন এডিটিংয়ের ভুল দেখে চলছে তুমুল চর্চা। কেউ একে ‘ভিজ্যুয়াল গ্লিচ’ বলছেন, আবার অনুরাগীদের একাংশ এটিকে এআই দিয়ে তৈরি ভুয়ো ভিডিও বলে দাবি করেছেন।
অন্যদিকে, বিদেশের মাটিতেও ছবিটি ঘিরে অপ্রীতিকর ঘটনা সামনে এসেছে। কানাডার মন্ট্রিয়লে কয়েকটি প্রেক্ষাগৃহে উত্তেজিত দর্শকরা ভাঙচুর চালিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এবং এর ফলে বেশ কিছু শো বাতিল করা হয়েছে। সব মিলিয়ে একদিকে ব্যবসায়িক সাফল্য এবং অন্যদিকে নানা বিতর্ক নিয়ে চর্চায় রয়েছে এই ছবি।