ধ্বংসস্তূপে ইজরায়েলের ‘লিটল ইন্ডিয়া’! পরমাণু কেন্দ্রের ওপর আছড়ে পড়ল ইরানের মিসাইল

ধ্বংসস্তূপে ইজরায়েলের ‘লিটল ইন্ডিয়া’! পরমাণু কেন্দ্রের ওপর আছড়ে পড়ল ইরানের মিসাইল

তেল আভিভ রাতের আকাশ চিরে আলোর ঝলকানি, আর তার পর বিকট শব্দে আছড়ে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই ছারখার হয়ে গেল ইজরায়েলের ‘লিটল ইন্ডিয়া’ নামে পরিচিত ডিমোনা শহরের একাংশ। ক্ষতিগ্রস্ত পার্শ্ববর্তী শহর আরাদও। ধসে পড়া বহুতলের নিচে আটকে পড়া আর্তদের উদ্ধারে টর্চ হাতে হাতড়াচ্ছে সেনা। ইদের রাতে ইরানের এই ভয়াবহ হামলায় জখম হয়েছেন অন্তত ১৮০ জন।

হামলার মূল লক্ষ্য ছিল ডিমোনার শিমন পেরেজ নেগেভ পরমাণু গবেষণা কেন্দ্র। যদিও কোনো তেজস্ক্রিয় বিকিরণের খবর মেলেনি। শনিবার ইরানের নাতান্‌জ পরমাণু কেন্দ্রে ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এই পালটা আঘাত হানল তেহরান।

ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছিলেন ইরানের সামরিক পরিকাঠামো ভেঙে পড়েছে, কিন্তু এই হামলা সেই দাবিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। ইজরায়েলি স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, আহতদের মধ্যে বহু শিশু রয়েছে। ডিমোনায় ৬৪ এবং আরাদে ১১৬ জন চিকিৎসাধীন।

উল্লেখ্য, ডিমোনা শহরে প্রায় সাড়ে সাত হাজার ভারতীয় বংশোদ্ভূত ইহুদি বাস করেন, যাঁদের অধিকাংশই মারাঠি। ভারতের সংস্কৃতির ছোঁয়া থাকায় এই শহর ‘লিটল ইন্ডিয়া’ হিসেবে পরিচিত। এই হামলায় কোনো ভারতীয় বংশোদ্ভূত হতাহত হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা মেনে নিয়ে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, “শত্রুপক্ষকে রেয়াত করা হবে না।” এদিকে পালটা পদক্ষেপে হরমুজ প্রণালীর কাছে একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি করেছে ইরান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *