নওশাদ বনাম শওকত যুদ্ধে রণক্ষেত্র ভাঙড় ও ক্যানিং! ভোট আসতেই রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনা

ভাঙড়ে আইএসএফ প্রার্থী হিসেবে নওশাদ সিদ্দিকীর নাম ঘোষণা হতেই বেনজির অশান্তি। উত্তর কাশিপুরের চন্ডিহাটে তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল আইএসএফ সমর্থকদের বিরুদ্ধে। দেওয়ালে চুনকাম করার সময় অতর্কিতে হামলায় আহত বেশ কয়েকজন শাসকদল কর্মী। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
অন্যদিকে ক্যানিং পূর্বের চন্দনেশ্বর বাজারে আরাবুল ইসলামের মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তৃণমূল ও আইএসএফের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামলাতে পুলিশ দু’জন আইএসএফ কর্মীকে আটক করলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আরাবুল ইসলাম।
রাতের অন্ধকারে উত্তেজনা আরও বাড়ে যখন তৃণমূল প্রার্থী শওকত মোল্লার গাড়িতে হামলার অভিযোগ ওঠে। সব মিলিয়ে ভোট ঘোষণার আগেই ভাঙড় ও ক্যানিংয়ে যে রাজনৈতিক হিংসার বাতাবরণ তৈরি হয়েছে, তা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। অভিযোগ ও পাল্টা অভিযোগে সরগরম দক্ষিণ ২৪ পরগনার এই স্পর্শকাতর এলাকাগুলো।