নকল হোয়াটসঅ্যাপ থেকে সাবধান, ডাউনলোড করলেই খোয়া যাবে ব্যক্তিগত তথ্য ও ব্যাঙ্কের টাকা

নকল হোয়াটসঅ্যাপ থেকে সাবধান, ডাউনলোড করলেই খোয়া যাবে ব্যক্তিগত তথ্য ও ব্যাঙ্কের টাকা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বড়সড় বিপদের সতর্কতা জারি করল মেটা। বর্তমানে বাজারে আসল অ্যাপের আদলে হুবহু এক দেখতে বেশ কিছু নকল হোয়াটসঅ্যাপ ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক হ্যাকার চক্রের পাতা এই ফাঁদে পা দিলেই স্মার্টফোনে থাকা সমস্ত গোপন নথিসহ ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য মুহূর্তেই চলে যেতে পারে সাইবার অপরাধীদের কবলে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া ও চ্যাটিং প্ল্যাটফর্মে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে এই ক্ষতিকারক অ্যাপটি ছড়িয়ে দেওয়া হচ্ছে।

মেটার ইঞ্জিনিয়ারিং টিমের রিপোর্ট অনুযায়ী, ইতালির ‘Asigint’ নামক একটি হ্যাকার গোষ্ঠী এই জালিয়াতির মূল কারিগর। ইতিমধ্যেই আইফোন ও অ্যান্ড্রয়েড মিলিয়ে প্রায় দুই শতাধিক ব্যবহারকারী এই ম্যালওয়্যারের শিকার হয়েছেন বলে জানা গিয়েছে। হ্যাকাররা মূলত এই নকল অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর কন্টাক্ট লিস্ট এবং ব্যক্তিগত মেসেজ হাতিয়ে নিচ্ছে। তবে মেটা আশ্বস্ত করেছে যে, হোয়াটসঅ্যাপের মূল সার্ভার সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং শুধুমাত্র যারা থার্ড-পার্টি লিঙ্ক থেকে নকল অ্যাপ ডাউনলোড করেছেন, তারাই বিপদের সম্মুখীন।

পরিস্থিতি মোকাবিলায় মেটা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টগুলি শনাক্ত করে তা নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে। পাশাপাশি জালিয়াতি রুখতে ‘স্ক্যাম ও ফ্রড প্রটেকশন টুল’ লঞ্চ করা হয়েছে, যা সন্দেহজনক লিঙ্ক চিনতে সাহায্য করবে। সাইবার বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর ছাড়া অন্য কোনো উৎস থেকে অ্যাপ ডাউনলোড না করার পরামর্শ দিচ্ছেন। ফোনের নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখতে সবসময় অফিশিয়াল ভার্সন ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *