নতুন দল নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, সবুজ সংকেত দিল নির্বাচন কমিশন
/indian-express-bangla/media/media_files/2025/12/05/humayun-kabir-2025-12-05-14-05-51.jpg?w=1200&resize=1200,675&ssl=1)
তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড়সড় চাল চাললেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর নবগঠিত দল ‘জনতা উন্নয়ন পার্টি’-র রেজিস্ট্রেশনের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর ইতিবাচক সুপারিশ পাঠিয়েছে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে। সব ঠিক থাকলে আগামী ১৫ দিনের মধ্যেই সিলমোহর পেতে চলেছে হুমায়ুনের এই নতুন দল।
টেবিল নাকি জোড়া গোলাপ, কোন প্রতীকে ভোট লড়বেন হুমায়ুন?
নতুন দল রেজিস্ট্রেশন পেলেই প্রতীকের জন্য আবেদন করবেন মুর্শিদাবাদের এই দাপুটে নেতা। তাঁর প্রথম পছন্দ ‘টেবিল’ প্রতীক, যা নিয়ে এর আগেও তিনি নির্দল হিসেবে লড়াই করেছিলেন। তবে বিকল্প হিসেবে ‘জোড়া গোলাপ’-এর কথাও মাথায় রেখেছেন তিনি। হলুদ, সবুজ ও সাদা— এই তিন রঙের সংমিশ্রণে তৈরি হয়েছে তাঁর দলের পতাকা।
কেন তৃণমূল বা কংগ্রেস নাম রাখলেন না?
হুমায়ুন কবীর স্পষ্ট জানিয়েছেন, তাঁর দলের নামের সঙ্গে সাধারণ মানুষ সহজেই একাত্ম হতে পারবেন। তাঁর দাবি, মুর্শিদাবাদের মানুষ কংগ্রেসকে বর্জন করেছে এবং তৃণমূলকে ছুড়ে ফেলার অপেক্ষায় রয়েছে। তাই মানুষের উন্নয়নের স্বার্থেই এই ‘আমজনতার পার্টি’। আগামী বিধানসভা নির্বাচনে রেজিনগর এবং বেলডাঙা— এই দুই কেন্দ্র থেকেই লড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
সিইও দফতর সূত্রের খবর, রেজিস্ট্রেশন মঞ্জুর হওয়ার পর ভোটের ময়দানে নামতে আর কোনও আইনি বাধা থাকবে না হুমায়ুন কবীরের নতুন দলের সামনে। এখন দেখার, কমিশনের চূড়ান্ত অনুমোদনের পর রাজ্যের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারেন এই বিতর্কিত অথচ প্রভাবশালী নেতা।