নদীয়ায় এসটিএফের জালে হাদি হত্যা মামলার তৃতীয় অভিযুক্ত ফিলিপ সাংমা

বাংলাদেশের চাঞ্চল্যকর ওসমান হাদি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তৃতীয় অভিযুক্ত ফিলিপ সাংমাকে নদীয়ার শান্তিপুর বাইপাস এলাকা থেকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। ধৃত ফিলিপ নিজেও একজন বাংলাদেশী নাগরিক। এর আগে এই মামলায় ফয়জল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। ফিলিপকে জেরার পর এই খুনের মামলায় মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ফিলিপ সাংমা মূলত ভারত-বাংলাদেশ সীমান্তে টাকার বিনিময়ে অবৈধ অনুপ্রবেশের কাজ করত। এর আগে ধৃত দুই মূল অভিযুক্তকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে সে-ই সরাসরি সাহায্য করেছিল। পুলিশের নজর এড়াতে ফিলিপ নিজেও অবৈধভাবে ভারতে ঢুকে রাজ্যের বিভিন্ন প্রান্তে গা ঢাকা দিয়ে ছিল। সম্প্রতি সে পুনরায় বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
শনিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর থেকে ফিলিপকে পাকড়াও করেন গোয়েন্দারা। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই আন্তর্জাতিক অপরাধচক্রের শিকড়ে পৌঁছাতে মরিয়া তদন্তকারীরা। সীমান্ত পেরিয়ে অপরাধীদের পারাপারে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।