নদীয়ায় ঝোড়ো প্রচারে মমতা: তিন বিধানসভায় মেগা সভার প্রস্তুতি তুঙ্গে

নদীয়ায় ঝোড়ো প্রচারে মমতা: তিন বিধানসভায় মেগা সভার প্রস্তুতি তুঙ্গে

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাই-ভোল্টেজ নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে সরগরম নদীয়া জেলা। চলতি সপ্তাহে তিনি নদীয়া উত্তরের নাকাশিপাড়া এবং দক্ষিণের শান্তিপুর ও চাকদহ বিধানসভায় জনসভা করবেন। সংখ্যালঘু ও মতুয়া ভোটব্যাঙ্ক অধ্যুষিত এই জেলায় মুখ্যমন্ত্রীর এই সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সোমবার নাকাশিপাড়ার বেথুয়াডহরি এবং শান্তিপুরে দুটি পৃথক জনসভা করবেন নেত্রী। নাকাশিপাড়ার জেসিএম স্কুল মাঠে ইতিমধ্যেই হেলিপ্যাড নির্মাণের কাজ শুরু হয়েছে এবং জেলা সভানেত্রী মহুয়া মৈত্র প্রস্তুতি বৈঠক সেরেছেন। অন্যদিকে, শান্তিপুরেও জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে নিরাপত্তা ও সাংগঠনিক তদারকি চলছে। দলীয় নেতৃত্বের দাবি, এই জনসভাগুলোকে কেন্দ্র করে সাধারণ কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার চাকদহ বিধানসভায় জনসভা করবেন মুখ্যমন্ত্রী। রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি সভায় বিশাল জনসমাগমের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ১০ বছরের খরা কাটিয়ে ঐতিহাসিক ফলাফল করার লক্ষে এই সভাগুলো থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে সমগ্র জেলার রাজনৈতিক নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *