নদীয়ায় মেগা নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, তুঙ্গে রাজনৈতিক উন্মাদনা

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরকে ঘিরে সাজ সাজ রব নদীয়া জেলায়। চলতি সপ্তাহে নদীয়া উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলার নাকাশিপাড়া, শান্তিপুর এবং চাকদহ বিধানসভায় একাধিক জনসভা করবেন তিনি। সংখ্যালঘু ও মতুয়া ভোট ব্যাংকের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলায় মুখ্যমন্ত্রীর এই সফরকে রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
আগামী সোমবার নাকাশিপাড়ার বেথুয়াডহরিতে প্রথম সভা করবেন মুখ্যমন্ত্রী। এরপর পূর্ব বর্ধমানের সমুদ্রগড় হয়ে বিকেলে শান্তিপুরের অদ্বৈত পৌর ক্রীড়াঙ্গণে উপস্থিত হবেন তিনি। সফরসূচি অনুযায়ী মঙ্গলবার তাঁর শেষ সভাটি হবে চাকদহ বিধানসভায়। ইতিমধ্যেই সভা সফল করতে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও পুলিশ সুপার পরিদর্শন করেছেন এবং স্থানীয় নেতৃত্ব কর্মী-সমর্থকদের নিয়ে প্রস্তুতি বৈঠক সেরেছেন।
জেলায় ১০ বছরের নির্বাচনী খরা কাটিয়ে ঐতিহাসিক ফলাফলের লক্ষ্যে তৃণমূল শিবিরে এখন প্রবল উদ্দীপনা। নাকাশিপাড়ায় মহুয়া মৈত্র এবং শান্তিপুরে দেবাশিস গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে সভার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে হেলিপ্যাড নির্মাণ থেকে শুরু করে সাজানো হচ্ছে জনসভার ময়দান। প্রতিটি সভায় বিপুল জনসমাগম হবে বলে আশাবাদী শাসক শিবিরের জেলা নেতৃত্ব।