নন্দীগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান শুনে মেজাজ হারালেন বিজেপি প্রার্থী, তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা

নন্দীগ্রামের দীনবন্ধুপুর গ্রামে এক বিজেপি কর্মীর বাড়িতে যাওয়ার পথে মেজাজ হারালেন বিজেপি প্রার্থী। তৃণমূল কর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান শুনেই কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এর ফলে মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় এবং উভয় পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়।
তৃণমূল শিবিরের অভিযোগ, পরাজয় নিশ্চিত বুঝেই বিজেপি প্রার্থী মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের দিকে তেড়ে গিয়েছেন। ঘটনার সময় তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে ফ্লেক্স টাঙানোর কাজ চলছিল। অন্যদিকে, বিজেপির দাবি, তাদের এক কর্মীকে একঘরে করে রাখার খবর পেয়ে সেখানে যাচ্ছিলেন প্রার্থী, তখনই পরিকল্পিতভাবে প্ররোচনা দেওয়া হয়।
ভোটের দিনক্ষণ এগিয়ে আসায় নন্দীগ্রামজুড়ে এখন টানটান উত্তেজনা। প্রচার থেকে নির্বাচনি কার্যালয় খোলা—সব ক্ষেত্রেই কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এই ঘটনায় দুই দলই একে অপরের বিরুদ্ধে সরব হয়েছে এবং বিজেপি নেতৃত্ব এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।