নন্দীগ্রামে ‘ভূমিপুত্র’ লড়াই: শুভেন্দুকে কড়া চ্যালেঞ্জ জানিয়ে জয়ের ডাক অভিষেকের

২০২৬ বিধানসভা নির্বাচনের আবহে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার দলীয় প্রার্থী পবিত্র করের সমর্থনে আয়োজিত এক কর্মিসভায় তিনি এই লড়াইকে ‘অপবিত্র মাটিকে পবিত্র করার লড়াই’ বলে অভিহিত করেন। তৃণমূল প্রার্থীর জয়ের ওপর জোর দিয়ে তিনি দলীয় কর্মীদের আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করার আহ্বান জানান।
বক্তব্যের শুরুতেই অভিষেক পূর্ববর্তী নির্বাচনের ফলাফল ও অন্তর্ঘাত প্রসঙ্গে মুখ খোলেন। শুভেন্দু অধিকারীকে বিঁধে তিনি প্রশ্ন তোলেন, স্থানীয় বিধায়ক হিসেবে তিনি সাধারণ মানুষের কাছে নিজের কাজের কোনো ‘রিপোর্ট কার্ড’ পেশ করেছেন কি না। পাশাপাশি, নন্দীগ্রামে তৃণমূল জয়ী হলে ডায়মন্ড হারবারের মডেলে ‘সেবাশ্রয়’ ক্যাম্প এবং বার্ধক্য ভাতাসহ যাবতীয় উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
প্রার্থী পবিত্র করের ভাবমূর্তি তুলে ধরে অভিষেক জানান, নন্দীগ্রামের সার্বিক উন্নয়নের দায়িত্ব এখন থেকে তাঁর। ভয় না পেয়ে আগামী ২৫ দিন জানপ্রাণ দিয়ে লড়াই করার জন্য তিনি কর্মীদের নির্দেশ দেন। এলাকার বিধায়ককে এলাকায় পাওয়া যায় না বলে তোপ দেগে তিনি স্পষ্ট করেন যে, তৃণমূল জয়ী হলে নন্দীগ্রামের উন্নয়নের গতি কয়েক গুণ বৃদ্ধি পাবে।