নন্দীগ্রাম পুনর্দখলে মরিয়া তৃণমূল, প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

২০২৬-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনটি পুনরুদ্ধারে কোমর বেঁধে নামছে রাজ্যের শাসকদল। দলীয় সূত্রে খবর, খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আসনটির জন্য বিশেষ ব্লু-প্রিন্ট তৈরি করেছেন। আগামী ২৪ মার্চ দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে নির্বাচনী প্রচার শুরু করার পরের দিনই তিনি পা রাখবেন নন্দীগ্রামে। মেদিনীপুরের একাধিক জনসভা শেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে প্রচার চালাবেন তৃণমূলের এই শীর্ষ নেতা।
নন্দীগ্রাম পুনরুদ্ধারে এবার তৃণমূলের তুরুপের তাস প্রাক্তন বিজেপি নেতা পবিত্র কর। শুভেন্দু অধিকারীর এক সময়ের ঘনিষ্ঠ এই নেতাকে প্রার্থী করে গেরুয়া শিবিরের হিন্দু ভোটব্যাঙ্কে থাবা বসাতে চায় শাসকদল। বিশেষ করে নন্দীগ্রামের ২ নম্বর ব্লকের হিন্দু ভোটারদের মন জয় করতেই স্থানীয় স্তরে প্রভাবশালী এই মুখকে বেছে নিয়েছেন অভিষেক। উল্লেখ্য, এই ব্লকের পঞ্চায়েত প্রধান পবিত্রর স্ত্রী এবং গত নির্বাচনে এখান থেকেই বড় ব্যবধানে লিড পেয়েছিল বিজেপি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত জানুয়ারি মাসে নন্দীগ্রামে ‘সেবাশ্রয়’ শিবির চালুর মাধ্যমেই জনসংযোগের ভিত গড়েছিলেন অভিষেক। এরপর স্থানীয় সমবায় নির্বাচনে তৃণমূলের সাফল্য দলের নিচুতলার কর্মীদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এবার ভোট ঘোষণার শুরুতেই অভিষেকের এই সফর কর্মীদের আরও চাঙ্গা করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। মূলত সুপরিকল্পিত রণকৌশল এবং নিবিড় জনসংযোগের মাধ্যমেই এবার হাইভোল্টেজ এই কেন্দ্রে বাজিমাত করতে চাইছে ঘাসফুল শিবির।