নবান্নে কমিশনের বড় ঝটকা! ভোটের আগে একসঙ্গে সরানো হলো ৮৩ বিডিও-কে

নবান্নে কমিশনের বড় ঝটকা! ভোটের আগে একসঙ্গে সরানো হলো ৮৩ বিডিও-কে

নিউজ ডেস্ক : রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে বিধানসভা ভোটের ঠিক আগে এবার বড়সড় প্রশাসনিক রদবদল করল জাতীয় নির্বাচন কমিশন। বাসন্তীর আইসি-কে সাসপেন্ড করার রেশ কাটতে না কাটতেই এবার রাজ্যজুড়ে ৮৩ জন বিডিও এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার (ARO) বদলিতে সিলমোহর দিল কমিশন। রবিবার নবান্নকে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

কমিশন সূত্রে খবর, গত ২৮ মার্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক একগুচ্ছ বদলির প্রস্তাব পাঠিয়েছিলেন। সেই প্রস্তাব খতিয়ে দেখে কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ ও উত্তর দিনাজপুরের মতো স্পর্শকাতর জেলাগুলোতে এই রদবদল কার্যকর করা হয়েছে। তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম কেন্দ্রের দুই এআরও-কেও সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের রিটার্নিং অফিসারকেও বদলে দিয়েছিল কমিশন।

এর আগে ২৬ মার্চ বাসন্তীতে রাজনৈতিক সংঘর্ষ রুখতে ব্যর্থ হওয়ায় আইসি অভিজিৎ পালকে সাসপেন্ড করা হয়েছিল। কমিশনের স্পষ্ট বার্তা, ভোটের কাজে যুক্ত সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। পূর্ব মেদিনীপুরের ১৪ জন এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ১৮ জন আধিকারিককে বদলির তালিকায় রাখা হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো খামতি রাখতে চাইছে না জাতীয় নির্বাচন কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *