নরেন্দ্রপুরের ডাবর কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড আতঙ্কে মঙ্গলবার রাত

দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুর থানা এলাকায় একটি নামী সংস্থার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নরেন্দ্রপুরের ডাবর কারখানার গোডাউনে রাত ৯টা নাগাদ এই আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দমকলের দুটি ইঞ্জিন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ন’টা নাগাদ কারখানার গোডাউনের একটি ঘর থেকে প্রথম ধোঁয়া বেরোতে দেখেন কর্মীরা। ওই ঘরে প্রচুর পরিমাণে প্যাকিং কার্টুন মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং দ্রুত আশেপাশের অংশে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরপরই কারখানার কর্মীরা নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ব্যবহার করে প্রাথমিক লড়াই শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় ঘণ্টাখানেরক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় বড়সড় কোনো হতাহতের খবর না থাকলেও গোডাউনে থাকা প্রচুর কার্টুন ও প্যাকিং সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।
বর্তমানে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ ও দমকল বাহিনী। পকেট ফায়ার নেভানোর কাজ বা কুলিং প্রসেস চলছে। তবে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড কি না, অথবা এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন দমকলের বিশেষজ্ঞরা। কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।