নারী দিবসের উপহার: শনিবার থেকেই মিলবে ‘যুবসাথী’ প্রকল্পের টাকা

নারী দিবসের উপহার: শনিবার থেকেই মিলবে ‘যুবসাথী’ প্রকল্পের টাকা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১ এপ্রিল থেকে ‘যুবসাথী’ প্রকল্পের সুবিধা পাওয়ার কথা থাকলেও, পরিবর্তিত সূচি অনুযায়ী শনিবার থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, ২১ থেকে ৪০ বছর বয়সী প্রায় এক কোটি যুবক-যুবতী এই প্রকল্পের জন্য আবেদন করেছেন।

প্রাথমিকভাবে আগামী পাঁচ বছর প্রতি মাসে এই আর্থিক সহায়তা পাবেন উপভোক্তারা। এরপরেও কেউ বেকার থাকলে পুনর্মূল্যায়নের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি তথ্য অনুযায়ী, অনলাইন ও অফলাইন মিলিয়ে আবেদনকারীর সংখ্যা ইতিমধ্যে ৮৪ লক্ষ ছাড়িয়েছে। আবেদনের নিরিখে জেলাভিত্তিক তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, যার পরেই রয়েছে মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা।

প্রকল্পের এই বিশেষ ঘোষণার পাশাপাশি রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং ভোটার তালিকায় নাম সংক্রান্ত জটিলতা নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। নারী দিবস উপলক্ষে বিশেষ প্রতিবাদী মিছিলে সকলকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিশেষত বিবাহিত মহিলাদের পদবি পরিবর্তন ও নাম বাদ দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে সরব হয়ে তিনি নারীদের ব্যক্তিস্বাধীনতার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *