নাসিকে জ্যোতিষচর্চার আড়ালে ৫৮ জন গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ‘ক্যাপ্টেন’

নাসিকে জ্যোতিষচর্চার আড়ালে ৫৮ জন গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ‘ক্যাপ্টেন’

মহারাষ্ট্রের নাসিকে জ্যোতিষচর্চার আড়ালে নারীদের যৌন নির্যাতনের অভিযোগে ৬৭ বছর বয়সী অশোক খারাত ওরফে ‘ক্যাপ্টেন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজেকে অবসরপ্রাপ্ত নৌসেনা অফিসার পরিচয় দেওয়া এই ব্যক্তি ব্যক্তিগত সমস্যা সমাধানের টোপ দিয়ে মহিলাদের নিজের ফার্মহাউসে ডাকতেন। পুলিশি তদন্তে জানা গেছে, ভুক্তভোগীদের মাদক খাইয়ে অচৈতন্য করে ধর্ষণ করা হতো এবং সেই দৃশ্য সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করে রাখা হতো। পুলিশি তল্লাশিতে উদ্ধার হওয়া একটি পেন ড্রাইভে ৫৮ জন মহিলার ওপর নির্যাতনের প্রমাণ মিলেছে।

অভিযুক্ত অশোক খারাতকে ধরতে পুলিশ তার ফার্মহাউসে বিশেষ ফাঁদ পেতেছিল। রাতের অন্ধকারে নাটকীয় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে অভিযুক্তের বিপুল সম্পত্তির হদিস পাওয়া গেছে এবং তিনি বেশ কিছু মন্দিরও নির্মাণ করেছিলেন বলে জানা গেছে। নাসিক পুলিশের দাবি, অভিযুক্তের মক্কেলদের তালিকায় নামী ব্যবসায়ী থেকে শুরু করে অনেক প্রভাবশালী ব্যক্তিও রয়েছেন।

এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। শিবসেনার উদ্ধব শিবির এই ঘটনায় উপমুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ও বিবৃতি দাবি করেছে। অনেক রাজনীতিবিদ এবং সেলিব্রিটি ওই জ্যোতিষীর কাছে যাতায়াত করতেন বলে জানা যাওয়ায় ঘটনার গুরুত্ব আরও বেড়েছে। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং অভিযুক্তের কল রেকর্ড ও অন্যান্য নথি পরীক্ষা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *