নিউটাউনে বেপরোয়া গতির বলি বাইক আরোহী বিশ্ব বাংলা গেটের সামনে ভয়াবহ দুর্ঘটনা

নিউটাউনে বেপরোয়া গতির বলি বাইক আরোহী বিশ্ব বাংলা গেটের সামনে ভয়াবহ দুর্ঘটনা

নিউটাউনের বিশ্ব বাংলা গেটের সামনে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ যাত্রাগাছি মেট্রো স্টেশন সিগন্যালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত বাইক আরোহীর নাম শিবা রাও (৩৩), তিনি কামারহাটির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় একটি কালো রঙের গাড়ি ইকো পার্কের দিক থেকে বিশ্ব বাংলা গেটের দিকে আসছিল। সেই সময় সিগন্যাল সবুজ থাকলেও একটি সাদা রঙের গাড়ি আচমকা ইউ-টার্ন নিয়ে উল্টো পথে চলতে শুরু করে। দ্রুত গতিতে থাকা কালো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সাদা গাড়িটিকে এবং পরে একে একে আরও কয়েকটি গাড়িকে ধাক্কা মারে। সেই সময় ঘটনাস্থলে থাকা শিবা রাওয়ের বাইকটি নিয়ন্ত্রণহীন কালো গাড়িটির তলায় ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিউটাউন ট্রাফিক গার্ড ঘাতক সাদা ও কালো উভয় গাড়ির চালককে আটক করেছে। উল্লেখ্য, গত দুই মাসে বিধাননগর কমিশনারেট এলাকায় পথ দুর্ঘটনায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শুধু নিউটাউন এলাকাতেই প্রাণ হারিয়েছেন ৮ জন। একের পর এক এই প্রাণহানির ঘটনায় এলাকার পথ নিরাপত্তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *