নিউ ইয়র্কে রানওয়েতে বিমান ও দমকলের ট্রাকের সংঘর্ষ, আহত শতাধিক

নিউ ইয়র্কের লা গুয়ারদিয়া বিমানবন্দরে অবতরণের পর এয়ার কানাডা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বিমান রানওয়েতে দাঁড়িয়ে থাকা দমকলের ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। রবিবার মাঝরাতে কানাডার মন্ট্রিল থেকে আসা বিমানটি খারাপ আবহাওয়ার কারণে পিচ্ছিল রানওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে। সংঘর্ষের ফলে বিমানে আগুন ধরে যায় এবং বিমানের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানের যাত্রী ও চার দমকল কর্মীসহ অন্তত ১০০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপরই বিমানবন্দর জুড়ে হুলুস্থূল পড়ে যায় এবং উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং দুর্ঘটনার ভিডিওটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মার্কিন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সাময়িকভাবে লা গুয়ারদিয়া বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করেছে। বর্তমানে এই অভিমুখী সকল উড়ান কেনেডি বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে প্রতিকূল আবহাওয়াকে দায়ী করা হলেও, দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।