নিউ গড়িয়া থেকে সরাসরি সেক্টর ফাইভ, জট কাটিয়ে চিংড়িহাটায় শুরু হচ্ছে মেট্রোর কাজ

নিউ গড়িয়া থেকে সরাসরি সেক্টর ফাইভ, জট কাটিয়ে চিংড়িহাটায় শুরু হচ্ছে মেট্রোর কাজ

অবশেষে কাটল জট। নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা সংযোগের পথে সবথেকে বড় বাধা দূর হতে চলেছে। চিংড়িহাটা মোড়ে থমকে থাকা মেট্রোর কাজের জন্য প্রয়োজনীয় ট্রাফিক ব্লকের অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। আগামী ১৫ মে থেকে এই এলাকায় ট্রাফিক ব্লক করে পুরোদমে কাজ শুরু করার সবুজ সংকেত মিলেছে। মেট্রো কর্তৃপক্ষের লক্ষ্য, বর্ষা নামার আগেই আসাম্পূর্ণ থাকা মাত্র ৩৬৬ মিটার অংশের কাজ দ্রুত শেষ করা।

চিংড়িহাটা এলাকায় মেট্রোর পিলার ও গার্ডার বসানোর কাজ নিয়ে দীর্ঘ সময় ধরে রাজ্য সরকার ও মেট্রো কর্তৃপক্ষের মধ্যে টানাপোড়েন চলছিল। ট্রাফিক ব্লক সংক্রান্ত এই আইনি লড়াই কলকাতা হাইকোর্ট হয়ে দেশের শীর্ষ আদালত পর্যন্ত পৌঁছায়। সুপ্রিম কোর্ট এই মামলার শুনানিতে রাজ্য সরকারকে জনস্বার্থ সংশ্লিষ্ট প্রকল্প নিয়ে রাজনীতি না করার পরামর্শ দেয় এবং হাইকোর্টের নির্দেশই বহাল রাখে। আদালতের পর্যবেক্ষণ ছিল, সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো পক্ষ যেন উন্নয়নের কাজে প্রতিবন্ধকতা তৈরি না করে।

নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো সম্প্রসারণ প্রকল্পের ক্ষেত্রে চিংড়িহাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। অনুমতি মেলায় এখন দ্রুত পিলার নির্মাণ ও ট্র্যাক বসানোর কাজ সম্পন্ন করা সম্ভব হবে। এই ৩৬৬ মিটার অংশের কাজ শেষ হলেই শহরবাসী নিউ গড়িয়া থেকে কোনো পরিবর্তন ছাড়াই সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোয় যাতায়াত করতে পারবেন। এর ফলে ইএম বাইপাস ও সল্টলেক সংলগ্ন এলাকার যানজট থেকে রেহাই মিলবে এবং যাত্রীদের সময় অনেকটাই সাশ্রয় হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *