নিউ টাউনে গুজরাটের বাসিন্দার গাড়ি থেকে উদ্ধার ২৫ লক্ষ নগদ টাকা, গ্রেফতার ১

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কড়া নজরদারির জেরে নিউ টাউনের সিটি সেন্টার ২ সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে রুটিন তল্লাশি চলাকালীন একটি সন্দেহভাজন সুইফট ডিজায়ার গাড়ি আটক করে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড (এফএসটি)। গাড়ির ডিকি থেকে একটি ব্যাগ ভর্তি ২৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম ঠাকুর সুরজিৎ আভেশং, যিনি গুজরাটের তহসিল-চানস্মার বাসিন্দা। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ অর্থের উৎস বা গন্তব্য সম্পর্কে সুরজিৎ কোনো বৈধ নথিপত্র বা সন্তোষজনক উত্তর দিতে পারেননি। গাড়ির ভেতর থরে থরে সাজানো টাকার বান্ডিল দেখে তড়িঘড়ি ব্যবস্থা নেন কর্তব্যরত আধিকারিকরা।
তদন্তের স্বার্থে ইকো পার্ক থানার পুলিশ ওই নগদ টাকা বাজেয়াপ্ত করেছে এবং সুরজিৎকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচনের আগে জেলায় জেলায় নাকা চেকিং বৃদ্ধি পাওয়ায় এই সাফল্য মিলেছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক যোগসূত্র বা অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।