নিক-প্রিয়াঙ্কার বিচ্ছেদ গুঞ্জন কি শুধুই রটনা? অবশেষে মুখ খুললেন ‘দেশি গার্ল’

বলিউড ও হলিউডের অন্যতম জনপ্রিয় জুটি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসকে ঘিরে সম্প্রতি বিচ্ছেদের জোরালো গুঞ্জন ছড়িয়েছে। ধর্ম, সংস্কৃতি ও বয়সের পার্থক্যের দোহাই দিয়ে তাঁদের সম্পর্কের অবনতির দাবি উঠলেও সেই জল্পনায় ইতি টানলেন অভিনেত্রী নিজেই। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়েছেন যে, তাঁদের বিচ্ছেদের খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাঁরা আগের মতোই সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছেন।
বর্তমানে এস এস রাজামৌলির আসন্ন ছবি ‘বারাণসী’-র শুটিংয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা দক্ষিণ ভারতে থাকাকালীন এই বিতর্ক নিয়ে সরব হন। তিনি প্রশ্ন তোলেন, কেন বারবার তাঁদের সম্পর্ক নিয়ে নেতিবাচক ও ভুয়ো খবর ছড়ানো হয়। অভিনেত্রীর মতে, ভিন্ন পটভূমি বা সংস্কৃতির হওয়া সত্ত্বেও গত আট বছর ধরে তাঁদের বন্ধন আরও দৃঢ় হয়েছে এবং বাইরের কোনো আলোচনাকে তাঁরা গুরুত্ব দিতে নারাজ।
নিকের সঙ্গে নিজের সম্পর্কের গভীরতার কথা উল্লেখ করে প্রিয়াঙ্কা জানান, পরিচয়ের মাত্র ছয় মাসের মাথায় তাঁরা বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। বৈচিত্র্য তাঁদের সম্পর্ককে দুর্বল নয়, বরং আরও শক্তিশালী করেছে। সব মিলিয়ে বিচ্ছেদের যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে এই তারকা দম্পতি বর্তমানে নিজেদের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত রয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।