নিখোঁজ মার্কিন পাইলটকে ধরিয়ে দিলেই ৬০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের

মধ্য ইরানে মার্কিন যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনায় নিখোঁজ পাইলটের সন্ধানে নাটকীয় মোড় নিয়েছে। ইরানের সরকারি সংবাদমাধ্যম ও ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ওই মার্কিন পাইলটকে জীবিত বা মৃত অবস্থায় ধরিয়ে দিতে পারলে ৬০ হাজার ডলার বা ১০ আরব তোমন পুরস্কার দেওয়া হবে। শুক্রবার ইরানের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে মার্কিন বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং পাইলট বর্তমানে তাদের নাগালের মধ্যেই রয়েছে।
বিধ্বস্ত বিমানটির ধরন নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। ইরানের দাবি, তারা একটি এফ-৩৫ ই ফাইটার প্লেন ভূপাতিত করেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি এফ-১৫ ই মডেলের একটি যুদ্ধবিমান ছিল, যা যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বিমানে থাকা দুইজন সেনার মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজন এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ পাইলটের বর্তমান অবস্থা নিয়ে ধোঁয়াশা কাটছে না। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর একাংশ দাবি করছে যে, বিমান থেকে ইজেক্ট করার সময় আঘাতের তীব্রতায় পাইলটের মৃত্যু হতে পারে। আবার অন্য একটি সূত্র বলছে, তিনি বর্তমানে ইরানের কোনো একটি পার্বত্য অঞ্চলে আত্মগোপন করে আছেন। এই অনিশ্চয়তার মধ্যেই ইরান সরকার সাধারণ মানুষকে এই তল্লাশি অভিযানে শামিল করতে বিপুল অর্থ পুরস্কারের টোপ দিয়েছে।
মার্কিন বাহিনী নিখোঁজ সেনার সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। ব্ল্যাক হক হেলিকপ্টার, সি-১৩০ হারকিউলিস এয়ারক্রাফট এবং ড্রোন ব্যবহার করে সংশ্লিষ্ট পার্বত্য এলাকায় নজরদারি চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মার্কিন যুদ্ধবিমানগুলো অত্যন্ত নিচ দিয়ে উড়ে নিখোঁজ পাইলটকে খুঁজছে। গত পাঁচ সপ্তাহ ধরে চলা এই সংঘাতের আবহে এই প্রথম ইরান সীমান্তে কোনো মার্কিন বিমান নিখোঁজ হওয়ার ঘটনা ঘটল।
পাইলট নিখোঁজ হওয়ার এই স্পর্শকাতর বিষয়ে হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরিস্থিতির বিষয়ে অবহিত করা হলেও তিনি সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। ইরানের এই পুরস্কার ঘোষণার পর দুই দেশের সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তেহরান টাইমস জানিয়েছে, মার্কিন হেলিকপ্টারগুলো নিখোঁজ পাইলটের খোঁজে ইরানের আকাশসীমায় প্রবেশ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।