নিজের জালেই বন্দি পাকিস্তান! ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসকবলিত দেশ হিসেবে নয়া রেকর্ড

নিজের জালেই বন্দি পাকিস্তান! ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসকবলিত দেশ হিসেবে নয়া রেকর্ড

গত বছর সন্ত্রাসবাদের আগুনে পুড়েছে পাকিস্তান। গ্লোবাল টেররিজম ইনডেক্স ২০২৬-এর রিপোর্ট অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবথেকে বিপজ্জনক দেশে পরিণত হয়েছে এই রাষ্ট্র। ২০২৫ সালে পাকিস্তানে ১,০৩৯ জনের মৃত্যু হয়েছে এবং ১০৪৫টি নাশকতামূলক হামলা নথিভুক্ত করা হয়েছে। ২০১৩ সালের পর এটিই দেশটির সবথেকে রক্তক্ষয়ী বছর।

খাইবার পাখতুনখোয়া ও বালুচিস্তানে রক্তগঙ্গা

রিপোর্ট বলছে, মোট হামলার ৭৪ শতাংশ এবং প্রাণহানির ৬৭ শতাংশই ঘটেছে খাইবার পাখতুনখোয়া ও বালুচিস্তানে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) একাই ৫৯৫টি হামলা চালিয়েছে, যাতে প্রাণ হারিয়েছেন ৬৩৭ জন। বর্তমানে এই গোষ্ঠীর প্রায় সাড়ে ছয় হাজার জঙ্গি আফগান সীমান্ত এলাকা থেকে সক্রিয়ভাবে অপারেশন চালাচ্ছে।

হিতে বিপরীত পুরোনো নীতি

একসময় যে জঙ্গি গোষ্ঠীগুলোকে পাকিস্তান প্রশ্রয় দিয়েছিল, এখন তারাই বুমেরাং হয়ে ফিরে এসেছে। ‘ভালো তালিবান’ ও ‘মন্দ তালিবান’ তত্ত্বে বিভাজন করার পুরনো কৌশল এখন দেশটির অস্তিত্বের সংকট তৈরি করেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পাশাপাশি এখন ড্রোন প্রযুক্তি ব্যবহার করছে জঙ্গিরা।

আন্তর্জাতিক ও অর্থনৈতিক প্রভাব

বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এখন সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। গত মার্চে ট্রেন হাইজ্যাক করে ৪৪২ জনকে পণবন্দি করার ঘটনা বিশ্বকে চমকে দিয়েছিল। মূলত চীনা নাগরিক এবং সিপেক (CPEC) প্রকল্পের ওপর লাগাতার হামলার কারণে পাকিস্তানের অর্থনীতি এবং বৈদেশিক সম্পর্কেও ফাটল ধরছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে পরিস্থিতির উন্নতি হলেও, পাকিস্তান এখন সন্ত্রাসবাদের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *