নিজের লড়াই নিজের সাথেই! জয়ের ব্যবধান বাড়াতে ধনিয়াখালিতে মনোনয়ন অসীমা পাত্রের

চুঁচুড়ায় জেলাশাসকের দফতরে বৃহস্পতিবার বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে মনোনয়ন জমা দিলেন ধনিয়াখালির তৃণমূল প্রার্থী অসীমা পাত্র। ধামসা-মাদলের তালে কর্মী-সমর্থকদের সাথে নিয়ে এদিন নিজের শক্তিতে আস্থা প্রদর্শন করেন তিনি। মনোনয়ন পেশের পর তিনি জানান, এবারের নির্বাচন বাংলার সাধারণ মানুষের সাথে দিল্লি ও নির্বাচন কমিশনের লড়াই। বিরোধীদের গুরুত্ব না দিয়ে তিনি বর্তমান লড়াইকে নিজের পুরনো রেকর্ডের সাথে টেক্কা দেওয়ার চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন।
ধনিয়াখালির প্রাক্তন মন্ত্রী ও তিনবারের বিধায়ক অসীমা দেবীর ওপর পুনরায় ভরসা রেখেছে তৃণমূল নেতৃত্ব। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৩০ হাজার ভোটে জিতলেও, গত লোকসভা নির্বাচনে তাঁর বিধানসভা কেন্দ্র থেকে লিড ছিল ৪২ হাজার। অসীমা দেবীর প্রধান লক্ষ্য হলো আসন্ন নির্বাচনে এই জয়ের ব্যবধানকে আরও সংহত করা এবং গত ১৫ বছরের উন্নয়নের ধারাকে বজায় রাখা।
বিজেপি ও দিল্লির নেতাদের সমালোচনা করে তিনি বলেন, সাধারণ মানুষকে বারবার হয়রানির মুখে ফেলছে কেন্দ্রীয় সরকার। তবে ধনিয়াখালির মানুষ উন্নয়নের পক্ষেই রায় দেবেন বলে তিনি দৃঢ় আশাবাদী। পুনরায় প্রার্থী করায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে তিনি দাবি করেন, মানুষ ভোটবাক্সেই বিরোধীদের যোগ্য জবাব দেবেন।