নিম্নচাপের প্রভাব কাটিয়ে বঙ্গে বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা নেই

বসন্তের অকাল বৃষ্টিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সাময়িক শীতের আমেজ ফিরলেও, রাজ্যে নতুন করে বৃষ্টির সম্ভাবনা আর নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার বিভিন্ন জায়গায় পারদ স্বাভাবিকের নিচে নামলেও আগামী চার দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে এরপর থেকে ধীরে ধীরে গরম বাড়তে শুরু করবে।
হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমে শক্তি হারিয়ে দুর্বল হচ্ছে। মঙ্গলবার মগরা ও পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন। আগামী তিন দিনে রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে রোদঝলমলে আকাশ থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলোতে কুয়াশার দাপট বজায় থাকতে পারে। বুধবার উত্তরের আট জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসার সম্ভাবনা থাকলেও আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি উচ্চচাপ বলয় থাকলেও তার বিশেষ প্রভাব পড়ার সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা।