নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে ক্রিকেটার পাঠানো নিয়ে দ্বিধায় বিসিবি

আফগানিস্তানের সঙ্গে চলমান সীমান্ত সংঘাত এবং অভ্যন্তরীণ বিদ্রোহের কারণে পাকিস্তানে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুস্তাফিজুর রহমানসহ চার বাংলাদেশি ক্রিকেটারের অংশগ্রহণ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।
বিসিবি কর্মকর্তা নাজমুল আবেদিন জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটারদের পাকিস্তানে পাঠানোর আগে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র চাওয়া হবে। সাধারণ সময়ে এই ধরনের অনুমতির প্রয়োজন না হলেও, পাকিস্তানের সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে কোনো ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। একমাত্র সরকারের সবুজ সংকেত পেলেই ক্রিকেটাররা দেশ ছাড়ার অনুমতি পাবেন।
এবারের পিএসএলে মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা দল পেয়েছেন। প্রাথমিক পর্যায়ে বিসিবি তাদের অনাপত্তি পত্র (এনওসি) প্রদান করলেও, বর্তমান অস্থিরতা সব হিসাব বদলে দিয়েছে। ফলে আইপিএলের পর পিএসএলেও বাংলাদেশের তারকা ক্রিকেটারদের মাঠের লড়াইয়ে দেখা যাবে কি না, তা এখন পুরোপুরি সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।